বাংলাদেশ

বৈশাখী শোভাযাত্রায় নতুন আকর্ষণ, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী দল

পহেলা বৈশাখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বৈশাখী শোভাযাত্রায় যুক্ত হয়েছে ভিন্নমাত্রার আকর্ষণ। শোভাযাত্রার একেবারে সামনে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সুসজ্জিত অশ্বারোহী দল, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা শুরু হলে এর অগ্রভাগেই অবস্থান নেয় এই অশ্বারোহী ইউনিট। দলের নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এবারের আয়োজনে ২০টি প্রশিক্ষিত ঘোড়া অংশ নিয়েছে, যেগুলো বড় জনসমাগমে নিয়ন্ত্রিতভাবে চলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ব্যবহৃত ঘোড়াগুলো ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যা গতি, সহনশীলতা ও শৃঙ্খলাবোধের জন্য পরিচিত।

অশ্বারোহী দলটি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে। অনেকেই ছবি তুলেছেন, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে এই দৃশ্য উপভোগ করেছেন।

এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষ গুরুত্ব পেয়েছে। লোকজ ঐতিহ্যের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর অংশগ্রহণে পুরো শোভাযাত্রা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। পাশাপাশি প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করে এই বর্ণাঢ্য আয়োজনকে করেছে আরও তাৎপর্যময়।

সংশ্লিষ্ট খবর

Back to top button