বাংলাদেশ

মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো নববর্ষের মোটিফ মোরগ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বৈশাখী শোভাযাত্রায় এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যখন মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় একটি মোটিফের অংশ ভেঙে যায়। তবে সাময়িক এই সমস্যার পর শোভাযাত্রা আবারও স্বাভাবিকভাবে এগিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চারুকলা অনুষদ আয়োজিত শোভাযাত্রাটি মেট্রোরেল স্টেশন অতিক্রম করার সময় বড় আকারের মোটিফগুলো স্টেশনের ছাদের সঙ্গে আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া সহজেই পার হতে পারলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হওয়ার সময় সমস্যায় পড়ে।

এই সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফটির উপরের একটি অংশ ভেঙে যায়, যা উপস্থিতদের দৃষ্টি কাড়ে। পরে অংশগ্রহণকারীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে মোটিফগুলোকে রাস্তার ঢালু পাশ দিয়ে পার করান, ফলে শোভাযাত্রা আবার গতিশীল হয়ে ওঠে।

এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”। নানা প্রতীকী মোটিফ ও লোকজ শিল্পের সমন্বয়ে আয়োজিত এই বর্ণিল শোভাযাত্রায় ছিল মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button