রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় পৃথকভাবে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্ক-এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে স্থান পায় দেশীয় সংস্কৃতির নানা উপকরণ—যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা। বাঙালিয়ানা সাজে শিশুদের উপস্থিতিও উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালির সুরে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা বাঙালির প্রকৃত সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার ওপর জোর দেন এবং এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী।



