বাংলাদেশ

এমন সমাজ চাই, যেখানে নির্ভয়ে গান গাওয়া যায়: ছায়ানট সভাপতি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানীর রমনার বটমূল-এ আয়োজিত ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছায়ানট।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, একটি ভয়হীন, সহনশীল ও মুক্ত সমাজ গড়ে তোলাই সময়ের দাবি, যেখানে মানুষ স্বাধীনভাবে সাংস্কৃতিক চর্চা করতে পারবে। তিনি বলেন, গত এক বছরে দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক হামলার ঘটনা সমাজে বাড়তে থাকা অসহিষ্ণুতারই ইঙ্গিত।

তিনি অতীতের কিছু ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ছায়ানটের বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দা বিদ্যালয়ের শিশুদের বইপত্র নষ্ট করা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার মতো ঘটনা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। পাশাপাশি ২০০১ সালের রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার স্মৃতিও তিনি স্মরণ করেন, যা এখনো সাংস্কৃতিক অঙ্গনের নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে আছে।

সারওয়ার আলী বলেন, সংগীত বাঙালির ইতিহাস, সংগ্রাম ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। এটি মানুষের ঐক্য ও প্রেরণার উৎস হলেও একটি গোষ্ঠী ভয়ভীতি সৃষ্টি করে এই সাংস্কৃতিক চর্চাকে দমিয়ে রাখার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ভাষণে তিনি বৈশ্বিক প্রেক্ষাপটও তুলে ধরে বিশ্বশান্তির আহ্বান জানান, এবং নববর্ষের প্রথম প্রভাতে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button