উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ আয়োজিত ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০টার দিকে পুনরায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। ঢাকের তালে ও বর্ণিল মোটিফের সমন্বয়ে পুরো আয়োজনটি ক্যাম্পাসজুড়ে তৈরি করে এক উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে নানা প্রতীকী উপকরণ ও শিল্পকর্ম নিয়ে অংশ নেন, যা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এতে শিক্ষক-শিক্ষার্থী, রাষ্ট্রীয় অতিথি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল “নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ”। এতে মোরগ, হাতি, পায়রা, টেপা পুতুল-ঘোড়া ও দোতারা—এই মোটিফগুলো আলাদা আলাদা প্রতীকী অর্থ বহন করে উপস্থাপন করা হয়। পাশাপাশি পটশিল্পী টাইগার নাজিরের নির্মিত পটচিত্রগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
শোভাযাত্রার শুরুতে বাংলাদেশ পুলিশ-এর অশ্বারোহী দল অংশ নেয়। এরপর জাতীয় পতাকা বহনকারী প্রায় ২০০ জন শিক্ষার্থী, সাংবাদিকরা এবং পরে রাষ্ট্রীয় অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় যুক্ত হন।



