ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্পভাবে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম নুর আলম মাসুদ (৪৫)। তিনি সোনাগাজী উপজেলার সততা অয়েল মিলসের মালিক ছিলেন এবং স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। শনিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজের কর্মস্থলে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করার সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে নুর আলম মাসুদ ও তার সহকর্মী গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর আলম মাসুদ দীর্ঘদিন ধরে ইউটিউব দেখে নতুন নতুন প্রক্রিয়া নিয়ে কাজ করার চেষ্টা করতেন। তবে সেই পরীক্ষামূলক কাজই শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাগাজী মডেল থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



