ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ভারতের দিক থেকে আসা এ ডিজেল পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি-এর ডিপোতে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং নির্ধারিত সময়েই তা ডিপোতে এসে পৌঁছায়।
তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি নিয়মিত কার্যক্রম এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। শিগগিরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছিল। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।



