শেরপুর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর কারাভোগকালে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মরদেহটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে।
নিহত ব্যক্তির নাম মো. শিপন হাওলাদার (৩৫), তিনি বরগুনার সদর উপজেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ঢাকায় রড মিস্ত্রির কাজ করতেন বলে পরিবার জানিয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। পরে বিএসএফ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়।
তার পরিবার জানায়, ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে তিনি কারাগারে ছিলেন এবং চলতি মাসের শেষ দিকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ১৬ এপ্রিল কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতাকা বৈঠকে বিএসএফ ও বিজিবি এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার জানিয়েছে, শিপনের মৃত্যুর ফলে স্ত্রী ও সন্তান নিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।



