জামায়াতরাজনীতি

‘এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে এক পরিবারের দু’জন সংসদ সদস্য নয়—এমনটি জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান, তাই দলটির আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষে হামিদুর রহমান আযাদ এসব কথা জানান।

মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকেরা হামিদুর রহমান আযাদের কাছে জানতে চান, সংরক্ষিত নারী আসনে অতীতে জামায়াতের আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও এবার নেই কেন?

জবাবে হামিদুর রহমান আজাদ বলেন, ‘আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করি নাই। এবারও এটা করা হয় নাই। এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি।’

দেশ পরিচালনার মতো যোগ্য নারী জামায়াতের নারী শাখায় অনেক আছেন বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। তবে শুধু সেই জায়গা থেকে নয় বরং নীতিগত কারণে এক পরিবারে দুইজন সংসদ সদস্য দেওয়া হয়নি। তার পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, অষ্টম জাতীয় সংসদে জামায়াত আমিরের স্ত্রী আমেনা বেগম সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।

জামায়াতের এই নেতার বলেন, তাদের জোটের প্রতিনিধিরা সংসদে গিয়ে জনকল্যাণ ও দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবেন।

একই সঙ্গে তাদের মনোনীত প্রার্থী বাছাইয়ে বিভিন্ন পেশাজীবী যেমন চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে, গেল বছর সরকারি চাকরি ছাড়ায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের বিরুদ্ধে প্রার্থিতা বহাল থাকবে কি না যে প্রশ্ন ইতোমধ্যে উঠেছে তা নিয়েও কথা বলেছেন হামিদুর রহমান আযাদ। তাদের আশাবাদ, এই অভিযোগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button