
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বিথী আক্তার নামের ওই শিক্ষার্থীর ডান হাত হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচা নজরুলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে বিথী গুরুতর আহত হয় এবং ডান হাতে লিখতে অক্ষম হয়ে পড়ে, যার কারণে তার এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে যায়। সে তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার খবর জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। তিনি বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষভাবে উপস্থাপন করেন। পরে অনুমতি সাপেক্ষে একজন শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হয়, যাতে বিথী পরীক্ষা দিতে পারে।
পরবর্তীতে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বিথী শ্রুতিলেখকের সহায়তায় অংশ নেয়। আহত অবস্থাতেও সে পরীক্ষা দিতে পারায় পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ইউএনও জানান, শিক্ষার্থীর চিকিৎসা ও পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিকভাবে কাজ করছে, যাতে তার শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।



