রাজনীতি

আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাইবার বুলিং ও নারীদের প্রতি অনলাইন আক্রমণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, সমাজে যখন কোনো “খারাপ ভাইরাস” ছড়িয়ে পড়ে, তা ধীরে ধীরে সাধারণ মানুষের ঘর থেকে শুরু করে ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। তার ভাষায়, জাইমা একজন নারী, আর তিনি নিজেও একজন নারী—তাই একজন নারীকে নিয়ে বিকৃত ছবি বা কনটেন্ট তৈরি করা অত্যন্ত কষ্টদায়ক ও অমানবিক।

মিতু আরও জানান, রাজনীতিতে নতুন যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিজেও বিভিন্ন ধরনের বুলিং, অপপ্রচার এবং এমনকি হামলার শিকার হয়েছেন। তার দাবি অনুযায়ী, এনসিপিতে যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে অনলাইনে একাধিক কুরুচিপূর্ণ ও বিকৃত ছবি ছড়ানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাইবার ইউনিট সংগঠিতভাবে এসব কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একে অপরের সঙ্গে সমন্বয় করে এসব কনটেন্ট ছড়ায়। তবে এই ধরনের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান না থাকার বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

মিতুর মতে, এ ধরনের সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষের পরিবার ও সন্তানেরাও নিরাপদ থাকবে না। তিনি সাইবার বুলিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া তিনি জানান, এই ইস্যুতে একটি অরাজনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন, যেখানে প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি টিম গঠন করে সাইবার বুলিং প্রতিরোধে কাজ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button