বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর অসহায় আমিরকে ঘর করে দিলেন প্রবাসী

নোয়াখালীর এক প্রতিবন্ধী ব্যক্তির জন্য মানবিক উদ্যোগ নিয়েছেন সৌদি আরব প্রবাসী নুর নবী রাজু আহমেদ।
সম্প্রতি বাংলা টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে নোয়াখালীর অসহায় আমির হোসেনের দুর্দশার বিষয়টি সামনে আসে। এরপর বিষয়টি নজরে আসে প্রবাসী নুর নবী রাজু আহমেদের, যিনি মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ান।
চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের দর্জি বাড়ির খাটো শারীরিক প্রতিবন্ধী আমির হোসেন দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। তার এই অবস্থা দেখে প্রবাসী রাজু আহমেদ একটি নতুন ঘর নির্মাণ করে দেন।
এছাড়া তিনি বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, বাথরুম, বিদ্যুৎ সংযোগ এবং ঘরের আসবাবপত্র—যেমন খাট ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও প্রদান করেন।
ঘর ও প্রয়োজনীয় সুবিধা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির হোসেন। তিনি প্রবাসী রাজু আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই সহায়তায় নতুন করে বাঁচার আশা খুঁজে পান।
স্থানীয়রা জানান, রাজু আহমেদের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং এটি সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।
প্রবাসী নুর নবী রাজু আহমেদের প্রতিনিধি আজিজ আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সমাজের আরও বিত্তবান মানুষ অসহায়দের পাশে এভাবে এগিয়ে আসবেন।



