চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে পরে পাহাড়ি অঞ্চলে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নীপবন শিশু বিদ্যালয়ের সামনে সাপটি দেখতে পান এক শিক্ষার্থী। পরে বিষয়টি সংগঠনটিকে জানানো হলে তারা এসে সাপটি উদ্ধার করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা সাপটি একটি বার্মিজ পাইথন (অজগর)। তিনি বলেন, অজগর সাধারণত অনেক বড় হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সাপ হলো রেটিকুলেটেড পাইথন। তবে বাংলাদেশে বার্মিজ পাইথনই বেশি দেখা যায়।
উদ্ধারের পর সাপটিকে ক্যাম্পাসের নিকটবর্তী পাহাড়ি বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বার্মিজ পাইথন আমাদের দেশের আদি সাপগুলোর একটি এবং এটি ১৭–১৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। উদ্ধার হওয়া সাপটি বয়সে তরুণ বা সাব-এডাল্ট।
তিনি আরও জানান, এই সাপে কোনো বিষ নেই এবং এটি মানুষের জন্য সাধারণত বিপজ্জনক নয়। তবে পুকুরের মাছ বা খামারের হাঁস-মুরগি খেয়ে কিছু ক্ষতি করতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১০ ও ১২ এপ্রিলও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি কিং কোবরা উদ্ধার করা হয়েছিল।



