বাংলাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র আবার আংশিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল। পরে বয়লার পাইপ মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে ওই ইউনিট থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, দ্রুত মেরামত কাজ শেষ করে উৎপাদন আবার শুরু করা সম্ভব হয়েছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাতে বয়লার পাইপ ফেটে যাওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট একসময় বন্ধ অবস্থায় ছিল।

জানা গেছে, কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং এটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। ২নং ইউনিটও কয়েক বছর ধরে অচল অবস্থায় আছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ২০০৬ সালে চালু হওয়ার পর সর্বোচ্চ ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা থাকলেও যান্ত্রিক সমস্যা ও রক্ষণাবেক্ষণ সংকটের কারণে নিয়মিতভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button