বাংলাদেশ

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত

সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ তার বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপের অভিযোগ অস্বীকার করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অর্থ সহায়তা দিতে সম্মত হয়।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবন্ধিত সংগঠন না হওয়ায় সরাসরি অর্থ দেওয়া সম্ভব হয়নি। এ কারণে দ্রুত একটি নিবন্ধিত ফাউন্ডেশন গঠন করা হয়, যার মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

রিফাতের দাবি অনুযায়ী, প্রথমে ১৫ দিনের প্রচারণার জন্য ৫ কোটি টাকার একটি চুক্তি হলেও সময়স্বল্পতার কারণে নিবন্ধিত ফাউন্ডেশনের মাধ্যমে ৭ দিনের ক্যাম্পেইনের জন্য ১ কোটি টাকা প্রদান করা হয়। এই অর্থ দিয়ে সারা দেশে প্রচারণা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পুরো ব্যয়ের হিসাব একটি অডিট ফার্ম দিয়ে যাচাই করে তা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মিথ্যা অভিযোগ এনেছেন। এসব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন এবং প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনসহ যেকোনো তদন্ত সংস্থাকে সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানান।

এছাড়া সংগঠনের অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্ব নিয়ে জটিলতার কথাও তুলে ধরেন রিফাত রশিদ এবং জানান, নতুন উপদেষ্টা পর্ষদ গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button