বাংলাদেশ

দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা

বাংলা টিভি ডেস্ক: লালমনিরহাটে এক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে ঘিরে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, জেলা আওয়ামী লীগের নেতা শরওয়ার আলম প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন।

জানা গেছে, তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে ১৯৯৭ সালে প্রভাষক পদে নিয়োগ পান এবং পরে প্রয়োজনীয় অভিজ্ঞতা পূর্ণ না করেই ২০১২ সালে অধ্যক্ষ পদে দায়িত্ব নেন।

আরও অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেছেন এবং সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন। ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার সময় থেকে তিনি প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন এবং এখনো অনুপস্থিত রয়েছেন।

এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন। তবে সেই আদেশ তিন মাস পর শেষ হলে তিনি আবার পূর্ণ বেতন-ভাতা পেতে শুরু করেন বলে জানা গেছে।

বর্তমানে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক আবুল হোসেন। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে, যার ফলে পুরো প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অধ্যক্ষের অনুপস্থিতি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না, শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক শিক্ষকও অনিয়মিত হয়ে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পাঠানো বেতন বিল অনুমোদন করা হয় নিয়ম অনুযায়ী। অভিযুক্ত অধ্যক্ষ পুনরায় যোগদানের জন্য আবেদন করেছেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button