অবশেষে ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপদাহ

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



