বাংলাদেশ

বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বর্তমান তরুণ সমাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আজকের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফি’র মতো হয়ে যাচ্ছে। তারা দ্রুত মন্তব্য করে, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায়, কিন্তু গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণে আগ্রহ কমে যাচ্ছে।

তিনি জানান, দেশে তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও তাদের মধ্যে ধৈর্য ও বিষয় বুঝে দেখার মানসিকতা আগের তুলনায় কমে গেছে। এভাবে চলতে থাকলে গবেষণা ও উদ্ভাবনে দেশ পিছিয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, এখন অনেক তরুণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া। এর ফলে অনেকে অসংযত মন্তব্য করছে, এমনকি শিক্ষক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিও অসম্মানজনক আচরণ দেখা যাচ্ছে। এতে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে।

মেধাস্বত্বের বিষয়েও তিনি হতাশা প্রকাশ করেন। তার মতে, দেশের অনেক উদ্ভাবন যথাযথ সুরক্ষা না পাওয়ায় অন্য দেশ তা নিজেদের নামে নিয়ে নিচ্ছে। তাই গবেষণা ও সৃজনশীল কাজকে রক্ষা করতে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সবশেষে তিনি বলেন, তরুণদের শুধু অনলাইন জনপ্রিয়তার দিকে না ঝুঁকিয়ে গবেষণা ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে, নইলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

সংশ্লিষ্ট খবর

Back to top button