চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকং পতাকাবাহী জাহাজ কিউচি পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে। পরে দুপুর থেকে জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় অকটেন চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ এসেছে। ফলে এক মাসে মোট প্রায় ৭৯ হাজার টন অকটেন দেশে এসেছে, যা দৈনিক চাহিদার ভিত্তিতে দুই মাসের বেশি সময়ের জন্য পর্যাপ্ত বলে ধারণা করা হচ্ছে।
প্রাইড শিপিং লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বহির্নোঙরে আরও কয়েকটি জাহাজ অবস্থান করছে, যেগুলোতে অকটেন ও ডিজেল রয়েছে। পাশাপাশি কিছু জাহাজ ইতোমধ্যে বার্থিং নিয়ে তেল খালাস শুরু করেছে।
তবে বন্দরের সীমিত অবকাঠামোর কারণে সব জাহাজ একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে তেল খালাস কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে বলেও জানানো হয়েছে।



