বাংলাদেশপ্রধানমন্ত্রী

আগে দিল্লি না বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান?

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা ঘিরে তারেক রহমান-এর চীন সফর নিয়ে আলোচনা এখন বেশ জোরালো হয়েছে।

সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তিনি বেইজিং সফর করতে পারেন। এই সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলতি সপ্তাহেই চীন যাচ্ছেন।

জানা গেছে, এই সফরটি হচ্ছে ওয়াং ই-এর আমন্ত্রণে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি, এজেন্ডা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সফরের তারিখ ঘোষণা করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি, যদিও কূটনৈতিকভাবে প্রস্তুতি এগিয়ে নেওয়ার ইঙ্গিত মিলছে।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হবে— তা নিয়েও আলোচনা চলছে। অনেকের ধারণা, আঞ্চলিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে তিনি প্রথমে কোনো সার্কভুক্ত দেশ, যেমন ভুটান সফর করতে পারেন। এরপর চীন সফর হতে পারে।

অন্যদিকে, ভারত ও চীন—এই দুই আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। তাই সফরের ক্রম ও সময় নির্ধারণকে কৌশলগতভাবে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হওয়ায় এই সফর বাস্তবায়িত হলে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনাও স্পষ্ট করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button