রাজনীতি

আমরা প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই: আসিফ মাহমুদ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তারা দেশের প্রধানমন্ত্রীকে “পুকি” হিসেবে নয়, বরং রাজনৈতিকভাবে সক্রিয় ও প্রাণবন্ত নেতা হিসেবে দেখতে চান।

রোববার (৩ মে) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

তার ভাষায়, বর্তমান প্রজন্ম অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। তাই তারা এমন একজন প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, যিনি রাজনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন এবং নেতৃত্ব দেবেন। তিনি মন্তব্য করেন, অনেক সময় প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ইস্যু এড়িয়ে চলতে দেখা যায়, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মূলধারার মিডিয়ার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। ফলে মানুষ বিকল্প বা নতুন ধরনের গণমাধ্যমের দিকে ঝুঁকছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময়ে এসব নতুন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে মালিকানা ও নিয়ন্ত্রণের পরিবর্তন ঘটলেও কাঠামোগত সমস্যা রয়ে গেছে। সরকারগুলো গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে নানা চাপ ও আশঙ্কার মধ্যে থাকে—এমন মন্তব্যও করেন তিনি।

এছাড়া তিনি বলেন, বর্তমানে অনেক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, কিন্তু সঠিক আইনি কাঠামোর অভাবে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তার মতে, যারা অতীতে স্বৈরাচারী ব্যবস্থাকে সহায়তা করেছে, তাদের যথাযথ জবাবদিহির আওতায় আনা প্রয়োজন ছিল।

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, এটি সর্বজনীন হওয়া উচিত। তবে প্রয়োজনীয় আইনি কাঠামোর ঘাটতির কারণে দেশে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button