বাংলাদেশ

প্রেমিকার সাথে বিচ্ছেদ, টাওয়ার থেকে লাফিয়ে প্রেমিকের আত্মহত্যার পরিকল্পনা

মাদারীপুর প্রতিনিধি: প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় মনোকষ্টে মাদারীপুরের শিবচরে হাসান শিকদার (২২) নামের এক প্রেমিক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে প্রায় ৪৬০ ফুট উচুঁ বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
জানা যায়, জেলার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সাথে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেম বিচ্ছেদে কাতর হাসান রবিবার সন্ধা আনুমানিক ৬ টার দিক বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার আনুমানিক ৪ শ ৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের উপড়ে উঠে পড়ে।

সেখান থেকে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করে। তা না হলে সে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে বলে জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌছে টাওয়ারের উপড়ে বন্ধুর কাছে পৌছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে।

এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হাসানকে নিচে নামতে অনুরোধ করে। এভাবে দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০ টার দিক হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উচুঁ টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভীড় নামে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে ৪ ঘন্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button