ঢাবিতে ‘গুপ্তদের’ মুখোশ উন্মোচন করে প্রামাণ্যচিত্র

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে নবাগত শিক্ষার্থীদের সচেতন করতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল শাখা।
রোববার (৩ মে) রাতে হলের গেস্টরুমে এই আয়োজন করা হয়। ছাত্রদল নেতাকর্মীরা জানান, সম্প্রতি কিছু শিক্ষার্থী গেস্টরুমে নির্যাতনের অভিযোগ ও প্রমাণ প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। এর ধারাবাহিকতায় নবাগতদের সামনে ওই প্রেক্ষাপট তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, গেস্টরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর যে ধরনের চাপ ও নির্যাতনের অভিযোগ রয়েছে, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। তার মতে, এসব ঘটনা অতীতের “অপসংস্কৃতি” হিসেবে চিহ্নিত হওয়া উচিত।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান বলেন, নবীন শিক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন।



