ইউরোপ জঙ্গিবাদের ‘আঁতুড়ঘর’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন একটি জঙ্গিবাদবিরোধী কৌশল গ্রহণ করতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এই কৌশলপত্রে ইউরোপকে জঙ্গিবাদের বিস্তারের অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, ইউরোপে ব্যাপক হারে অবৈধ অভিবাসন এবং উন্মুক্ত সীমান্তনীতি চরমপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের মতে, বর্তমান নীতি অব্যাহত থাকলে ইউরোপে জঙ্গিবাদের ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে।
এই কৌশলে মাদক কার্টেল দমন, সহিংস রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা এবং তথাকথিত কট্টর বামপন্থি সংগঠন মোকাবিলার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি “ট্রান্সজেন্ডার-সমর্থক উগ্রবাদ” নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন এই নীতি নিরাপত্তা কৌশলের পাশাপাশি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকেও প্রতিফলিত করছে। কারণ এতে তার দীর্ঘদিনের অভিবাসনবিরোধী ও রক্ষণশীল বক্তব্যের ছাপ স্পষ্ট।
কৌশলপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের জঙ্গিবাদবিরোধী সমন্বয়ক সেবাস্টিয়ান গোরকা। এর আগেও ট্রাম্প প্রশাসন ইউরোপের অভিবাসননীতি ও নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেছিল।
এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো লিঙ্গপরিচয় স্বীকৃতি না দেওয়ার অবস্থানও জোরালোভাবে তুলে ধরছে।



