বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি

বাংলা টিভি ডেস্ক: বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনকালে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।”
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারবে। পাশাপাশি কার্গো ফ্যাসিলিটিও স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে বগুড়া বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



