এক মায়ের গর্ভে ৭ সন্তান; বাঁচানো গেল না একটিও

বাংলা টিভি ডেস্ক: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রাম এলাকায় একসঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে দুঃখজনকভাবে জন্ম নেওয়া কোনো নবজাতকই শেষ পর্যন্ত বেঁচে থাকেনি। চার ছেলে ও তিন মেয়েসহ সাতটি সন্তান জন্ম দেন সালমা নামের এক গৃহবধূ।
জানা গেছে, ইজিবাইক চালক মহসিন মোল্যা ও তার স্ত্রী সালমার বিয়ের এক দশক পর এই প্রথম সন্তানসম্ভবা হন তিনি। আল্ট্রাসনোগ্রাফিতে ছয় সন্তানের উপস্থিতি ধরা পড়লেও পরে সাতটি সন্তান জন্ম নেয়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই, প্রায় সাড়ে পাঁচ মাসে সন্তানগুলো জন্ম নেওয়ায় তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
গত মঙ্গলবার রাতে যশোর-এর একটি হাসপাতালে প্রথমে দুই সন্তানের জন্ম হয়। পরে বুধবার রাতে আরও পাঁচটি সন্তান ভূমিষ্ঠ হয়। বৃহস্পতিবার সকালে নবজাতকদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর সন্তান আসার খবরে সবাই আনন্দিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাত সন্তানকে হারানোর বেদনা পরিবারকে ভেঙে দিয়েছে। বর্তমানে মা সালমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



