সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের কন্যা সন্তান, নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছেন।
প্রবাসী মাহবুবুর রহমান জানান, তিনি সৌদি আরবে অবস্থানকালে তার স্ত্রী ফারজানা আক্তারের সঙ্গে একই এলাকার যুবক সাফিনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি কয়েকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে। পরে গত ৭ মে ফারজানা তাদের মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
এ ঘটনায় মাহবুবুর রহমানের বাবা আবুল বাসার মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকারও সঙ্গে নেওয়া হয়েছে।
পরিবারের অভিযোগ, কয়েকদিন পেরিয়ে গেলেও মা ও শিশুর কোনো সন্ধান মেলেনি। এতে প্রবাসে থাকা মাহবুবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।
এ বিষয়ে থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



