
বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে বিএসআরএম ডিপো সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নগরীর আকবর শাহ থানার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। পাহাড়তলী থানার এসআই মাসুদুর রহমান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার অভিযোগগুলোকে প্রাথমিকভাবে ভিত্তিহীন মনে করছে পুলিশ। তবুও বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
অন্যদিকে, ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন কিছু ছাত্রলীগ নেতাকর্মী। তাদের অভিযোগ, কাউসারকে অপহরণের পর হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ এসব দাবিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করেছে।



