ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের সঙ্গে কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি বলা হয় সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কেন মানুষ নিহত হচ্ছে, তার জবাব দিতে হবে।”
শনিবার (১৬ মে) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় গড়ে ওঠা ভারতকেন্দ্রিক প্রভাববলয়ের সঙ্গে কোনো আপস করা উচিত নয়। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিতে হবে।
রাজশাহীর কৃষি ও আমচাষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষক কম দামে আম বিক্রি করলেও মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে বাজারে সেই আম অনেক বেশি দামে বিক্রি হয়। তিনি আম সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
পানিসংকট নিয়ে তিনি বলেন, রাজশাহীর নদীগুলোতে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে। নদীর পানির অধিকার আদায়ে প্রয়োজন হলে আবারও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। ফারাক্কা দিবসের প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা ভাসানীর আন্দোলনের কথাও স্মরণ করেন।
তিনি আরও বলেন, রাজশাহীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। জনগণের অধিকার আদায়ে এনসিপি মাঠে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারজিস আলম, এস এম সাইফ মোস্তাফিজ, গাজী সালাউদ্দিন তানভীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের এক হাজারের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগ দেন বলে জানানো হয়।



