যত ইচ্ছে খান, কিন্তু বমি করলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি বুফে রেস্তোরাঁ এবার চালু করেছে বেশ অদ্ভুত এক নিয়ম— অতিরিক্ত খেয়ে কেউ রেস্তোরাঁয় বমি করলে গুনতে হবে জরিমানা। খাবার অপচয় ঠেকাতে অতিরিক্ত চার্জ নেওয়ার নিয়ম নতুন নয়, তবে ‘বমি ফি’ চালুর ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্পেনের সেভিয়া অঞ্চলের গেলভেস শহরের Sushi Tero নামের রেস্তোরাঁটি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে অতিভোজের কারণে গ্রাহকদের বমি করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
রেস্তোরাঁয় টাঙানো এক নোটিশে বলা হয়েছে, অতিরিক্ত খাওয়ার ফলে কোনো গ্রাহক বমি করলে ক্ষতিপূরণ হিসেবে তার কাছ থেকে জরিমানা নেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করছে না, অন্য অতিথিদের অভিজ্ঞতা ও সার্বিক সেবার মানেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অতিভোজন নিরুৎসাহিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
তবে বমি করলে ঠিক কত টাকা জরিমানা দিতে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো অঙ্ক জানানো হয়নি। জানা গেছে, রেস্তোরাঁটিতে বুফে খেতে সময় ও দিনের ওপর ভিত্তি করে জনপ্রতি প্রায় ১৬.৯০ থেকে ২৩.৯০ ইউরো পর্যন্ত খরচ হয়।



