প্রধানমন্ত্রীবাংলাদেশসরকার

শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতুমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল লোহালিয়া নদীর বগা এলাকায় একটি সেতু নির্মাণ। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ কমাতে স্থানীয়দের এ দাবি নতুন গতি পায় এক শিশুর আবেগঘন চিঠিকে কেন্দ্র করে। বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখে এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এবার সম্ভাব্য সেতু নির্মাণ এলাকা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকা ঘুরে সম্ভাব্যতা যাচাই করেন।

পরিদর্শন শেষে সেতুমন্ত্রী জানান, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে সেতুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই নির্মাণকাজ শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, এই সেতু এ অঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশা। ছোট্ট আবিরার লেখা চিঠি প্রধানমন্ত্রীকে নাড়া দিয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি দেখে প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “এত ছোট বয়সে উন্নয়ন নিয়ে আবিরার ভাবনা সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।”

সেতুর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, প্রকল্পের বিস্তারিত নকশা চীনের পক্ষ থেকে প্রায় চূড়ান্ত করা হয়েছে। ভূমি অধিগ্রহণসহ প্রাথমিক প্রস্তুতির কাজও অনেকটাই এগিয়ে আছে। এখন বাস্তবায়ন চুক্তি সম্পন্ন হলেই চূড়ান্ত নকশা হাতে পাওয়া যাবে। এরপর তা যাচাই-বাছাই শেষে মূল কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, চীন এই প্রকল্পে অর্থায়ন করছে এবং পুরো প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করছে। তাই কোনো জটিলতা না হলে আগামী বছরের প্রথম দিকেই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার রেল, নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ধারাবাহিকভাবে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button