আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি যা চান, বেনিয়ামিন নেতানিয়াহু সেটিই করবেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়াহুড়ো নেই।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কী আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি তাই করবেন।”
নেতানিয়াহুকে ‘ভালো মানুষ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বর্তমানে যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইরানের সঙ্গে সীমিত পরিসরের কোনো সমঝোতায় রাজি আছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা।
এর আগে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে সতর্ক ও অস্পষ্ট অবস্থান বজায় রেখে চলছে।



