জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন চমক দেখালেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। এবার তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি-র মেয়র জোহরান কোয়ামে মামদানি-র সঙ্গে একই পর্দায় অভিনয় করেছেন।
প্রবাসীদের জীবনসংগ্রাম ও বাস্তবতা নিয়ে নির্মিত শর্টফিল্ম ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২-এ একসঙ্গে দেখা যাবে তাদের। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত এই শর্টফিল্ম আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জায়েদ খান জানিয়েছেন, বিশ্বের প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য গর্বের। তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের জন্যও সম্মানের বিষয়।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, প্রজেক্টটির উদ্দেশ্য ও গল্প তুলে ধরে মেয়রের দপ্তরে যোগাযোগ করার পর ইতিবাচক সাড়া পাওয়া যায়। পরে নির্ধারিত সময়েই শুটিং সম্পন্ন হয়।
শুটিং সেটে মেয়রের আচরণে মুগ্ধ হয়েছেন জায়েদ খান। তার মতে, ব্যস্ত ও প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও জোহরান মামদানি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং একজন পেশাদার অভিনেতার মতোই কাজ করেছেন।



