মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

বাংলা টিভি ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নতুন ভাড়া ছাড় সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার ও সড়ক পরিবহন বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এর আগে প্রতিবন্ধীরা ১৫ শতাংশ ছাড় এবং বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াত সুবিধা পেতেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধী যাত্রীদের ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। সুবিধা পেতে ৬৫ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধীদের ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
তবে এই ছাড় শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং নির্দিষ্ট শর্ত অনুযায়ী টিকিট ব্যবহার করতে হবে। অনিয়ম ধরা পড়লে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে এমআরটি লাইন-৬ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে এবং প্রতিদিন গড়ে প্রায় চার লাখ যাত্রী এ সেবা ব্যবহার করছেন।



