জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এক শহীদের মায়ের হৃদয়বিদারক বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্তানের আত্মত্যাগের বর্ণনা শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য ও স্মৃতিচারণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই আয়োজন করে।
অনুষ্ঠানে মঞ্চে উঠে কয়েকজন শহীদ পরিবারের সদস্য তাদের হারানোর বেদনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এতে মিলনায়তনে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।
দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজেকে সংবরণ করতে পারেননি। তিনি অশ্রু ধরে রাখতে ব্যর্থ হন এবং তার চোখে পানি দেখা যায়।



