
বাংলা টিভি ডেস্ক: ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’-এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থাপ্পড়ম্যান’ হিসেবে পরিচিত শাহজালাল রুমির একটি ভিডিও শেয়ার করে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপর থেকেই নায়লা নাঈমের পোস্ট ঘিরে তার অনুসারীদের মধ্যে চলছে নানা আলোচনা ও মন্তব্য।
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় আলোচনায় আসেন শাহজালাল রুমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিওর পর থেকেই তিনি ‘থাপ্পড়ম্যান’ নামে পরিচিতি পান। এবার তার ভিডিও শেয়ার করে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম।
টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মোসলেম আহম্মদ (৩০) নামের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের পর শিশুটির স্বজন ও এলাকাবাসী তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। শিশুটির বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে শিশুটির স্বজনদের প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আবার কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিশুর নিরাপত্তা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকে।
এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন ফেসবুকে লিখেছেন, ‘বলাৎকার বন্ধ করো, আরও জোরে থাপ্পর মারো।’ এ ছাড়া আরও কয়েকজন তারকা ও পরিচিত মুখ শিশুটির স্বজনদের সাহস ও প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ২৪ সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে ‘অন্য রকম সম্পর্ক’ থাকার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে ‘চুমু’ প্রসঙ্গ আসতেই ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করেন শিশুটির স্বজনেরা।
আরেকটি ভিডিওতে কয়েকজনকে ওই শিক্ষককে মারধর করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় ভিডিওতে। শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, নায়লা নাঈমের স্ট্যাটাসটি নতুন করে আলোচনায় এনেছে শাহজালাল রুমিকে। ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’-তার এই মন্তব্যের পর অনুসারীদের অনেকে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে স্ট্যাটাসের মাধ্যমে নায়লা নাঈম ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নায়লা নাঈম। পেশায় দন্ত চিকিৎসক এই তারকা ২০০৯ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে ‘রান আউট’ চলচ্চিত্রে বিশেষ উপস্থিতির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এ ছাড়া ‘ভোট ফর ঠোঁট’ গানের মডেলিংয়ের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও মন্তব্যের কারণে আগেও একাধিকবার আলোচনায় এসেছেন এই মডেল। এবার ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমির ভিডিও শেয়ার করে তাকে উদ্দেশ করে দেওয়া চুমুর বার্তা ঘিরে নতুন করে আলোচনায় এলেন নায়লা নাঈম।



