জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকাস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, নিজ বাসার শৌচাগারে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন। শিক্ষাজীবনে তিনি মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। পরে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহম্মদ শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুতে চাঁদপুরের সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



