‘অণ্ডকোষ চেপে ধরা সেই লিটু যুবদলের কেউ নয়’

বাংলা টিভি ডেস্ক: বরিশাল শহরের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালকের (এমডি) অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের নেতা বলে অনেকে দাবি করেছে। তবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল মহানগর যুবদলের কোনো পদেই কখনো ছিলেন না।
রবিবার দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান যুবদল সভাপতি।
মোনায়েম মুন্না বলেন, বরিশাল সদরের অগ্রণী হাউজিংয়ের এমডির কাছ থেকে চেক সই করে নেওয়ার সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে বরিশাল মহানগর যুবদলকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মহল মিথ্যা অপপ্রচার করছে। আমি যুবদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, ঘটনার সঙ্গে জড়িত জনৈক মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল মহানগর যুবদলের কোনো পর্যায়ের পদ পদবীতে কখনোই ছিল না।
গত ২৭ জুন সন্ধ্যার পর বরিশাল সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহ পর গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে সিসি ক্যামেরার ভিডিও চিত্র ছেড়ে দেন ঘটনার শিকার আব্দুল আজিজ। কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।



