মক্কায় মসজিদে নববীর প্রথম দিককার ঘড়ি প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কার দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় দেড় শতাব্দী পুরোনো একটি বিরল ঐতিহাসিক ঘড়ি, যা ইসলামের ঐতিহ্য ও ইতিহাসের মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হয়, ঘড়িটি হিজরি ১২৭৭ (১৮৬০ খ্রিষ্টাব্দ) সালের এবং এটি মদিনার মসজিদে নববীতে ব্যবহৃত হতো। সে সময় নামাজের ওয়াক্ত নির্ধারণ ও ইবাদতের সময়সূচি ঠিক রাখতে এই ঘড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ঘড়িটি শুধু সময় গণনার যন্ত্রই নয়, বরং মসজিদে নববীর দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমেরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য। এর সূক্ষ্ম নির্মাণশৈলী ও নান্দনিক নকশা তৎকালীন ঘড়ি নির্মাণ প্রযুক্তির উৎকর্ষের পরিচয় বহন করে।
বর্তমানে প্রদর্শনীটি মক্কায় আগত দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এখানে দুই পবিত্র মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দুর্লভ ঐতিহাসিক নিদর্শন কাছ থেকে দেখার সুযোগ মিলছে। পাশাপাশি সৌদি শাসনামলে দুই পবিত্র মসজিদে পরিচালিত বৃহৎ সম্প্রসারণ, আধুনিকায়ন ও সেবামূলক প্রকল্পগুলোর ইতিহাসও তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উন্নত পরিবেশ নিশ্চিত করা।



