আন্তর্জাতিক

ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত ৬০

||বাংলা টিভি অনলাইন||

রেল লাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর দিয়ে চলে গেল দ্রুত গতির ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসরে। ভয়াবহ ট্রেন এই দুর্ঘটনায় প্রায় ৬০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় পুলিশ এবং উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের পাশে দশেরার রাবণের মূর্তি পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার মানুষ।

রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। তখনই দর্শকরা সরে লাইনের ওপর উঠে আসেন। তারা খেয়াল করেননি তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছে। কোনও দিকে সরতে পারেননি কয়েকশ মানুষ। তাদের ওপর দিয়েই চলে যায় দ্রুতগতির ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত ৭০০ মানুষ ঘটনাস্থলে ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় প্রশাসন ও দুর্গাপূজা কমিটি এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্রেন আসার সময় তাদের সতর্কতা সংকেত বাজানো উচিত ছিল। ট্রেন থামানো বা গতি কমানোর বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা তাদের দায়িত্ব ছিল।’

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button