
বাংলাদেশের কিংবদন্তি রক তারকা আইয়ুব বাচ্চু বেঁচে নেই। অক্টোবরের ১৮ তারিখ পৃথিবীকে বিদায় জানিয়ে মৃতদের কাফেলায় মিশে গেছেন এই কিংবদন্তী রকার। কিন্তু তিরিশ দিন পেরিয়ে গেলেও এবিকে হারানোর শোক এখনো ভুলতে পারেনি সংগীতপ্রেমীরা।
গোটা পৃথিবীতে রেখে গেছেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। কিছুতেই যেন তাঁকে হারানোর শোক ভুলতে পারছেন না তাঁর ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। বিশ্বের নানা প্রান্তে তাঁর স্মরণে আয়োজিত হচ্ছে কনসার্ট ও স্মরণসভা। সেই ধারায় এবার যোগ হচ্ছে পশ্চিমবঙ্গের শহর কলকাতা।
২৪ নভেম্বর কলকাতার পাটুলি মাঠে ‘কাফে কবিরা’ আয়োজন করতে যাচ্ছে এই কনসার্ট । নাম রাখা হয়েছে ‘আইয়ুব বাচ্চু স্মরণে দুই বাংলার রকবাজি’। দুই বাংলার জনপ্রিয় রকাররা অংশ নেবেন এই কনসার্টে।
পশ্চিম বাংলা থেকে ‘শহর’, ‘ভূমি’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’, ‘মহিনের ঘোড়াগুলি’, ‘ক্যাকটাস’ ব্যান্ড থেকে গাইবেন শিল্পীরা। এছাড়ও অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমিত্র, অভিজিৎ, উপল, শিলাজিৎ, গৌরব, প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), বাপি, দেব চৌধুরি, সিধুর মতো জনপ্রিয় শিল্পীরাও স্মরণ করবেন উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্টকে।
বাংলাদেশ থেকে গাইবেন কিংবদন্তী মাকসুদ হক (মাকসুদ ও ঢাকা), জর্জ লিঙ্কন ডি কস্তা (আর্টসেল), মেহরীন ও সিনা হাসান (বাংলা ফাইভ)। আয়ুব বাচ্চুর প্রথম গিটার শিক্ষক জেকাব ডায়াস, সুব্রত বড়ুয়া রনি ও ইমরান হোসেনও উপস্থিত থাকবেন কনসার্টে। তারা আলোচনা করবেন বাচ্চুর রক মিউজিকের জীবন নিয়ে।
বাংলাদেশি ব্যান্ড ‘এলআরবি’-এর প্রতিষ্ঠাতা ছিলেন আয়ুব বাচ্চু। গান লেখার পাশাপাশি দলটির ভোকাল এবং লিড গিটারিস্টও ছিলেন তিনি। ‘লাভ রানস ব্লাইন্ড’ তৈরির আগে এবি ‘সোলস’ ও ‘ফিলিংস’ ব্যান্ডে লিড বাজাতেন।
এর আগে দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র একটি পর্ব আইয়ুব বাচ্চুকে উত্সর্গ করা হয়। সেখানে কয়েকজন প্রতিযোগীর সাথে বিচারকরাও তাকে উত্সর্গ কয়েকটি জনপ্রিয় গান করেন। অনুষ্ঠানে বিশেষভাবে অতিথি হিসেবে আসেন অনুপম রায়।
বাংলা টিভি/এমকে/এবি



