বিনোদন

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দাতেই তাঁর বিচরণ বেশি। নাটকে অভিনয় করেছেন হাতে গোনা কয়েকবার। তবে এবার মঞ্চনাটকের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও থিয়েটার অঙ্গনের বিশেষ সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’-এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় পদক প্রদান অনুষ্ঠান। থিয়েটার (তোপখানা) আয়োজিত এ অনুষ্ঠানে মোট সাতজন অভিনয়শিল্পীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পূর্ণিমা।

প্রথমবারের মতো আয়োজিত এ পদক অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে উচ্ছ্বাস জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, দীর্ঘ শিল্পীজীবনে এমন স্বীকৃতি পাওয়া আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। একজন শিল্পীর কাজ ও শিল্পসত্তাকে মূল্যায়ন করার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

পূর্ণিমা বলেন, এই সম্মাননা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নেবে। একই মঞ্চে আরও কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে পদক গ্রহণ করতে পারাকেও নিজের জন্য আনন্দের ও গর্বের বলে উল্লেখ করেন তিনি। আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী জানান, এই পদক তাঁর শিল্পীজীবনের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মঞ্চনাটকের সঙ্গে নিজের পুরোনো পরিচয়ের কথাও তুলে ধরেন পূর্ণিমা। তিনি জানান, ছোটবেলায় বড় বোন ও দুলাভাইয়ের নাট্যচর্চার সুবাদে মঞ্চের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল তাঁর।

অভিনেত্রীর কথায়, আট-নয় বছর বয়সে তাঁর বড় বোন ঢাকা নান্দনিকে মঞ্চনাটক করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সঙ্গে মঞ্চে যাতায়াত করতে গিয়ে নাটকের মহড়া ও বিভিন্ন কর্মকাণ্ড কাছ থেকে দেখেছেন তিনি। সে কারণে মঞ্চ তাঁর কাছে একেবারে অপরিচিত নয়।

তবে দীর্ঘ অভিনয়জীবনে কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি পূর্ণিমা। এবারের পদকপ্রাপ্ত অন্য ছয় শিল্পী আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান দীর্ঘদিন ধরেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে থিয়েটার অঙ্গনের এমন সম্মাননা পাওয়া পূর্ণিমার ক্যারিয়ারে যোগ করল নতুন এক অর্জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button