গাজীপুরের খাবার হোটেলে বিস্ফোরণ

গাজীপুরের বোর্ডবাজারে একটি খাবার হোটেলে বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৭ জন। এর মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনা তদন্ত শেষে কারণ সম্পর্কে জানাবে ফায়ার সার্ভিস। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটা বিকট শব্দ হয়। এসে দেখি আহত এক ব্যক্তি রিকশার নিচে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করি; এরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে। মুহুর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো হোটেল। ধসে পড়ে দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ। পথচারী ও রিকশা চালকসহ গুরুতর আহত হন।
অন্তত ১৭ জন আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৭ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করেছে হোটেলের মালিক।
হোটেলের ভিতরে লোকজন কত ছিলো এমন প্রশ্নে মালিক মাহবুব বলেন, ১০ থেকে ১২ জন ভিতরে ছিলো। কেননা, হোটেল রাত ৮-১০ টা পর্যন্ত চলে। এরপর মানুষ থাকে না। হোটেলের কর্মচারীও কম থাকে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



