বাংলাদেশ

গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এসব স্থাপনা বা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পরিচয় ও মতাদর্শ নির্বিশেষে সব গ্রাহকের প্রতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যানবাহন ও কর্মীদের ওপর হামলা না করার অনুরোধ করা হয়েছে।

ওজোপাডিকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে এবং সব এলাকায় সরবরাহ বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে চলমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিভাগের স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহকদের সেবা দিয়ে থাকে। কিন্তু দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারী কিংবা সেবার কাজে ব্যবহৃত যানবাহন হামলার শিকার হলে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

এ কারণেই সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button