Uncategorized

‘কচলাকচলি’ শব্দ নিয়ে আপত্তি, চিকিৎসককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত এক চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক মাহাবুবুর রহমান ওই বিভাগের দায়িত্বে কর্মরত।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে পুরুষ ওয়ার্ডের একটি কেবিনে ভর্তি থাকা রোগীর জন্য আইসিইউতে শয্যা চেয়ে চিকিৎসককে বারবার অনুরোধ করেন রকিবুল হাসান। তবে ওই সময় আইসিইউতে কোনো শয্যা খালি না থাকায় রোগীকে ভর্তি করা সম্ভব হচ্ছিল না।

একপর্যায়ে অন্য বিভাগ থেকে একজন রোগীকে সরিয়ে শয্যা খালি করার প্রস্তাব দেন রকিবুল। কিন্তু নিয়মের বাইরে এভাবে শয্যা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেন চিকিৎসক।

চিকিৎসক মাহাবুবুর রহমানের অভিযোগ, একই বিষয়ে বারবার অনুরোধ করায় তিনি রকিবুলকে ‘কচলাকচলি’ না করার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রকিবুল তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। পরে উপস্থিত লোকজন আইসিইউর প্রবেশপথ বন্ধ করে দিলে তিনি ভেতরে ঢুকতে পারেননি।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় কিছুক্ষণের জন্য চিকিৎসাসেবাও ব্যাহত হয়।

অভিযোগের বিষয়ে রকিবুল হাসান চিকিৎসকের কাছে শয্যা চাওয়ার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে গালাগাল করার বিষয়টিও মেনে নেন তিনি। তবে চিকিৎসককে শারীরিকভাবে আক্রমণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, চিকিৎসকের ব্যবহৃত ‘কচলাকচলি’ শব্দে আপত্তি জানিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, তার ছোট ভাইয়ের মানসিক অবস্থা ভালো নয় এবং তার চিকিৎসা চলছে। এমন ঘটনায় তারা লজ্জিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়ক নাসিম আখতার জানান, চিকিৎসককে গালাগাল ও মারধরের উদ্দেশ্যে তেড়ে আসার মতো ঘটনা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত করে। এতে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button