
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, নিজেদের অধিকার আদায়ে সংগঠন করবে শিক্ষার্থীরা। তবে, অবশ্যই তা রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
সম্প্রতি ছাত্রলীগের কয়েকজন নেতা কর্তৃক বুয়েটশিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। আর এ থেকেই আলোচনায় আসে ছাত্র রাজনীতির পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক। এ প্রসঙ্গে বাংলা টিভির এই প্রতিবেদকের সাথে আলাপকালে এসব কথা বলেন এই বিশ্লেষক।
সুলতানা কামাল আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে, তবে অবশ্যই তা রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হতে হবে। পেশিশক্তির রাজনীতি বন্ধে সুশিক্ষার পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন জরুরী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
সৌরভ নূর/বাংলাটিভি



