মধুপুরে জনপ্রিয় হয়ে উঠছে আশ্বিনা আনারসের চাষ

টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আশ্বিনা আনারসের চাষ। এসময় ভরা মৌসুমের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায়, এ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। প্রতিদিনই এখান থেকে ট্রাকভর্তি আনারস যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এলাকায় একটি প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠলে চাষীরা আরও লাভবান হতেন বলে মনে করেন স্থানীয়রা।
চলতি মৌসুমে টাঙ্গাইলে ৭ হাজার ১৫ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। জেলার মধুপুর, ঘাটাইল ও সখীপুরের কিছু এলাকায় এ ফলটির চাষ হয়। এক সময় শুধু জৈষ্ঠ্য-আষাঢ় মাস ছিল আনারসের মৌসুম। তবে এখন প্রায় সারাবছরই তা পাওয়া যায়। ভরা মৌসুমের পর আশ্বিন মাস আনারস পাকার দ্বিতীয় মৌসুম। এ মৌসুমে প্রায় দ্বিগুন দাম পায় কৃষকরা।
চাষিদের দীর্ঘদিনের দাবীর পরও এখানে গড়ে উঠেনি একটি প্রক্রিয়াজাত কারখানা। এটি গড়ে উঠলে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমে যাওয়ার পাশাপাশি, ন্যায্য মূল্য পেতেন বলে মনে করেন তারা।
আনারস চাষে কৃষকদের প্রযুক্তিগত সহায়তাসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে, স্থানীয় কৃষি বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক।এছাড়াও আনারসসহ বিভিন্ন ফলের ন্যায্য মূল্য নিশ্চিতে এলাকায় একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মো: রুবেল মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি



