
পাগলা মিজানের বাসায় অভিযান চালিয়ে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার একটি এফডিআর ও নগদ দুই লাখ টাকা জব্দ করেছে র্যাব। অভিযান চলাকালীন সময়ে মিজানের ফাঁসির দাবিতে বাসার সামনে বিক্ষোভ জানান স্থানীয়রা।
রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে ১১ অক্টোবর বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় এই অভিযান চালানো হয়।
এদিকে শুক্রবার শ্রীমঙ্গল থেকে র্যাবের একটি টিম পাগলা মিজানকে আটক করে। এরপর তাকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
এর আগে মিজানকে আটকের উদ্দেশ্যে বুধবার রাতে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালালে সে সময় তাকে পাওয়া যায়নি বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে টেন্ডারবাজি, ভূমি দখল, মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে মাদক ও চোরাই গ্যাস-বিদ্যুতের অবৈধ ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
সৌরভ নূর/বাংলাটিভি



