কাতারে সেফটি এন্ড সিকিউরিটি বিষয়ক সেমিনার

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমওআই এর উদ্যোগে কাতারের বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে সেফটি এন্ড সিকিউরিটি বিষয়ক জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার কাতারের মদিনা খালিফা ট্রাফিক ডিভিশন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ট্র্যাফিক, ড্রাগ এনফোর্সমেন্ট, ক্যাপিটাল সিকিউরিটি, আলফাজা, সার্চ অ্যান্ড ফলোআপ ও সাইবার ক্রাইমস, ভিসা সাপোর্ট সার্ভিস, কমিউনিটি পুলিশসহ এমওআই এর বিভিন্ন ডিভিশন সেমিনারে অংশ নিয়ে প্রবাসীদের জনসচেতনতার বিষয়ে পরামর্শ প্রদান করে।
এছাড়া বাংলাদেশ কমিউনিটির সদস্যদের জন্য প্রাসঙ্গিক আইনগুলো ব্যাখ্যা করা হয়। এসময় বাংলাদেশ কমিউনিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতে অংশগ্রহণ করেন প্রকৌশলী আমিন রসুল সাইফুল, লেখক ও সাংবাদিক নুর মোহাম্মদ, ব্যবসায়ী ইসমাইল মিয়া, আনোয়ার হোসেন শাহ ও অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।
এমওআই এর পাবলিক রিলেশন কর্মকর্তা ফয়সাল আল হুদাইর পরিচালনায় বক্তব্য রাখেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, বাংলাদেশ কমিউনিটি কাতার-বিসিকিউর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ ও কাতার কমিউনিটি পুলিশের কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন।
শেষে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূত আসুদ আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়।



