
শনিবার রাতে বিমানবন্দর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিজিটাল নিরাপত্তা আইনে পল্লবী থানায় র্যাব-৪-এর এক উপপরিদর্শক মো. আবু সাইদের করা মামলায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হাফিজ উদ্দিনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। পরে তাঁকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আজম মিয়া মেজর হাফিজকে গ্রেপ্তার বা হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার বা হস্তান্তরও করেননি তারা।
এদিকে র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানিয়েছে, ইসহাক নামে একজনকে গ্রেপ্তারের খবর তিনি জানেন। কিন্তু হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি তাঁর জানা নেই।
উল্লেখ্য, একই মামলায় কয়েকদিন আগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্নেল (অব.) মো. ইসহাক মিয়ান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী ছিলেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, ‘মামলায় তাঁদের বিরুদ্ধে সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে ই-মেইলে প্রেরণ করার অভিযোগ আনা হয়েছে।’
সৌরভ নূর /বাংলা টিভি



